ভোগান্তিতে মির্জাপুর পৌরবাসী
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
একটু বৃষ্টি হলেই মির্জাপুর পৌরসভার বাইপাস বংশাই রোডে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে পৌরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
শুক্রবার পৌরসভার বেশ কয়েকটি রোডে দেখা গেছে, চলাচলের ক্ষেত্রে পৌরবাসীর ভোগান্তির চিত্র। এ সময় স্থানীয় ব্যবসায়ী মো. শুকুর মিয়া, মো. আসলাম সিকদার ও ভেনুরাম রাজবংশীসহ অনেকেই বলেন, পৌরসভার বয়স ১৯ বছর হলেও বাড়েনি নাগরিক সুবিধা। সেই সঙ্গে সমস্যা রয়েছে বিদ্যুত্, গ্যাস, পয়নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থায়। রাস্তার পাশে ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। কালিবাড়ী রোড হতে মির্জাপুর বাইপাস ও বাইপাস হতে ত্রিমোহন-বংশাই রোডের খুবই করুণ দশা। মূল সড়ক হতে এই রাস্তাটি নিচু খাকায় একটু বৃষ্টি হলেই রাস্তার উপর কখনো হাঁটুপানি আবার কখনো কোমর পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এছাড়া পৌরসভার কলেজ রোড, থানা রোড, বাওয়ার রোড, ইউনিয়নপাড়া রোড, বংশাই রোড, কালিবাড়ী রোড, মসজিদ রোড, কুমুদিনী হাসপাতাল রোডসহ প্রতিটি রাস্তার বেহাল অবস্থা। রাস্তার উপর পানি জমে। আর ঐ পানি দোকানে ঢুকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ করেছেন।
বৃষ্টি হলেই বংশাই রোডে জলাবদ্ধতাসহ অন্য সমস্যার কথা স্বীকার করে পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন বলেন, মাস্টার প্লানের মাধ্যমে মির্জাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিদ্যুত্, গ্যাস, পয়নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থাসহ সুষম উন্নয়নের জন্য মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বিদ্যুত্ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। চলছে রাস্তা ও ব্রিজ-কালভার্টের উন্নয়ন। প্রতিটি প্রকল্পের জন্য বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এডিবি, জাইকাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বেশকিছু প্রকল্পের টাকা ইতিমধ্যে চলে আসায় উন্নয়ন কাজ শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থাসহ সকল ধরনের উন্নয়নমূলক কাজ করে একটি আদর্শ পৌরসভা মির্জাপুরবাসীকে উপহার দিতে পারবো।
