নিরাপদ আম উত্পাদন ও সংরক্ষণে সাফল্য

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২১:৫৭

যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র

যশোর অফিস

নিরাপদ আম উত্পাদন ও সংরক্ষণে গবেষণায় সফল হয়েছেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। রপ্তানিযোগ্য আম উত্পাদন, বাজারজাতকরণ ও সংগ্রহ-উত্তর ক্ষতি কমানোর লক্ষ্যে কৃষককে সহায়তা করতে গত তিনবছর ধরে গবেষণার পর সাফল্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা বলছেন, কৃষক পর্যায়ে এ পদ্ধতিতে আম উত্পাদন, সংরক্ষণ ও বাজারজাত করলে আম রপ্তানিতে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে।

যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গবেষণায় তারা দেখতে পান, প্রচলিত পদ্ধতিতে আমচাষ ও সংরক্ষণ করলে তাতে সালমোনেলা ও ই-কোলাই নামে ব্যাকটেরিয়া পাওয়া যায়—যা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। অথচ নিরাপদ পদ্ধতিতে আম উত্পাদন ও সংরক্ষণ করলে কোনো ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সুযোগ থাকে না।

যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস বলেন, পরিবর্তনশীল কৃষির চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণাঞ্চলে আম চাষকে রপ্তানিমুখী করে তুলতে এ পদ্ধতিতে আম সংরক্ষণে কৃষককে আগ্রহী করতে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যসম্মত ফল উত্পাদনে উত্তম কৃষি পদ্ধতি কৃষক পর্যায়ে বাস্তবায়ন হলে একদিকে মানুষ যেমন নিরাপদ খাদ্যপ্রাপ্তিতে সহায়ক হবে, তেমনি মানসম্মত এসব ফল বিদেশে রপ্তানি করে বাড়তি অর্থ উপার্জনে সুযোগ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।