পিরোজপুর অফিস
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শুক্রবার পিরোজপুরের দুটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও মাল্টিমিডিয়া বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০৩টি ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ১৩৮টি বিদ্যালয়ে এ ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম প্রধান অতিথি ও মহিলা সংসদ সদস্য শেখ এ্যানী রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেন।
সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী।
পিরোজপুর :সদর ও নেছারাবাদ উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ডসিস্টেম বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য শেখ এ্যানী রহমান —ইত্তেফাক
