১৩ দিনেও খোঁজ মেলেনি মেডিক্যাল কলেজছাত্র সোহাগের

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

১৩ দিনেও খোঁজ মেলেনি বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিজিটি কোর্সে অধ্যয়নরত ডাক্তার এএসএম সাইদ সোহাগের। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে। সন্তানের সন্ধান না পেয়ে পাগলপ্রায় তার বাবা-মা। নিখোঁজ সোহাগের বাবা মশিউর রহমান জানান, বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে থাকতেন সোহাগ। ২৩ জুন রাতে তার কাছে ফোন আসে সোহাগ গুরুতর অসুস্থ। বাবা ফোন করলে তার সঙ্গে অস্বাভাবিকভাবে কথা বলে সোহাগ। এরপর থেকেই নিখোঁজ হয়। পরিবারের লোকজন বরিশালে গিয়ে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার সন্ধান পাননি। ২৬ জুন বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ঐ ডাক্তারের বড়োভাই শামীম সরোয়ার।

শামীম সরোয়ার বলেন, সোহাগ মানসিক ভারসাম্যহীন অবস্থায় তার রুম থেকে বের হয়ে যায়। তারপর থেকে তার কোনো সন্ধান মিলছে না। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার খান সাহাবুদ্দিন বলেন, আমরা ছেলেটিকে উদ্ধারে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি।