যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
অপরিকল্পিভাবে তিস্তার কোলঘেঁষে ব্রিজ নির্মাণ করার কারণে গঙ্গাচড়ায় গত দুই বছরে বন্যায় ৫টি ব্রিজ ভেঙে গেছে। এতে করে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
জানা যায়, উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের তিস্তা কুলবর্তী এলাকা শংকরদহ ও বাগেরহাট। চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য শংকরদহ ও বাগেরহাট এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় চারটি ব্রিজ ও উপজেলা পরিষদের আওতায় ১টি ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু কোনো পরিকল্পনা ও কোনো মাটি পরীক্ষা ছাড়া নির্মাণ করা হয়েছিল এসব ব্রিজ। ফলে ২০১৭ সালের বন্যা ও ভাঙনে ১নং ওয়ার্ডের ব্রিজটি সম্পূর্ণ এবং বাগেরহাট এলাকার ২ ও ৩নং ওয়ার্ডের চারটি ব্রিজ আংশিক ভেঙে যায়। তবে গত বছরের বন্যায় বাগের এলাকায় জোড়া ব্রিজ ও অন্য দুইটি ব্রিজ সম্পূর্ণ মাটিতে দেবে যায়। ফলে গঙ্গাচড়ায় চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোন্নাফ বলেন, গেল বন্যায় চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে বিচ্ছিন্ন হয়েছে।
লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, পরিকল্পনা ছাড়া এবং মাটি পরীক্ষা না করে ঐসব স্থানে ব্রিজ নির্মাণ করায় সহজেই তিস্তায় পানির তোড়ে দেবে গেছে ব্রিজগুলো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ত্রাণের ব্রিজ নির্মাণ করার সময় কোনো মাটি পরীক্ষা করা হয় না। স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা জায়গা নির্ধারণ করে ব্রিজ নির্মাণ করেন।
