স্বেচ্ছায় জমি ও মাটি দিয়ে রাস্তা নির্মাণ করল এলাকাবাসী

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নিজেদের প্রয়োজনে নিজেরাই জমি ও মাটি দিয়ে রাস্তা নির্মাণ করলেন সৈয়দপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কয়ানিজপাড়া মহল্লার বাসিন্দারা। তারা শুক্রবার সকালে তাদের এলাকার ৩শ মিটার রাস্তা প্রায় আট ফুট চওড়া করে তৈরি করেন।

জানা যায়, শহরের কয়ানিজপাড়া এলাকায় একটি রাস্তা দীর্ঘদিন থেকে চরম দুরবস্থায় পতিত হয়েছিল। যাতায়াত করা খুবই দুরূহ হয়ে পড়েছিল। এমতাবস্থায় এলাকার আফসার আলীর বাড়ি থেকে শুরু করে পূর্বের বিগবন ড্রেন পর্যন্ত ঐ রাস্তাটি নির্মাণে উদ্যোগী হয় কয়েকজন ব্যক্তি। স্থানীয় গোলাম মোস্তফা, রূপালী, ফজলু, নজির, লিটন, আফসার আলীসহ আরো অনেকে এলাকার ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টুকে নিয়ে শুরু করলেন রাস্তার নির্মাণ কাজ।

এলাকাবাসী ও জমিদাতা আফসার আলী বলেন, আমরা এলাকাবাসী জমি ও মাটি দিয়ে রাস্তাটি তৈরি করলাম। এখন সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের প্রতি আমাদের দাবি অচিরেই রাস্তাটি পাকা করে আমাদের উপহার দেবেন তিনি।

ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু জানান, অল্প সময়ের মধ্যে রাস্তাটি পাকা করা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বলেন, জমিদাতারা একটি মহত্ উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের সহযোগিতায় অতিদ্রুত রাস্তাটি পাকা করার ব্যবস্থা নেওয়া হবে। এভাবেই যদি এলাকাবাসী নিজেদের প্রয়োজনে রাস্তার জন্য জমি ছেড়ে দেয় তাহলে পৌর কর্তৃপক্ষের জন্য রাস্তা নির্মাণ করা সহজ হয় এবং দ্রুত তা বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর অসুবিধা লাঘব করা সম্ভব হবে।