বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের শ্রমিকরা পতিত জমি চাষসহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। শুক্রবার সকাল ৮টা থেকে বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের প্রায় ১০০ চা শ্রমিক এ কর্মবিরতি শুরু করেন। এদিকে, কর্মবিরতি শুরু করায় পরিবার নিয়ে অনেকটা মানবেতর জীবন-যাপন করছেন তারা।
আয়েশাবাগ চা বাগান শ্রমিকরা জানান, অন্য বাগানের মতো চা বাগানের পতিত জমি চাষ, গরু-ছাগল পালন, গাছ লাগানোর অধিকার, বকেয়া বোনাসের দাবি, চা বাগানে বিদ্যালয় নির্মাণ, স্বাস্থ্যসম্মত সেনিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার দাবি ২০১৪ সাল থেকে জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার তাদের আশ্বাস দিলেও এর কোনোটি বাস্তবায়ন করছে না।
নারী শ্রমিক মনি বাউরী, ঝরনা বাউরী, সনকা কর্মকার, অঞ্জলী বুনারর্জি, অপু নায়েক প্রমুখ বলেন, ‘আমরা অনেকদিন ধরে ব্যবস্থাপকের কাছে আমাদের এ দাবিগুলো জানিয়ে আসছি। আমরা ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদনও করেছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না। এজন্য আমরা নিরুপায় হয়ে আজ (শুক্রবার) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করছি।
তারা জানান, আজ (শুক্রবার) সকাল ৭টায় বাগান কর্তৃপক্ষের সঙ্গে বাগান পঞ্চায়েতের বৈঠক হলেও তারা এব্যাপারে কোনো সমাধান হয়নি।
এ ব্যাপারে আয়েশাবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত বুনারজি শুক্রবার বিকেলে বলেন, ‘আমরা ৭ দফা দাবি পেশ করেছি। সেগুলো হলো অন্য বাগানের মতো গরু-ছাগল পালনের অধিকার, গাছ লাগানোর অধিকার, চা বাগানের পতিত জমি চাষের অধিকার, বকেয়া বোনাসের দাবি, চা বাগানে বিদ্যালয় নির্মাণ, স্বাস্থ্যসম্মত সেনিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।’ দাবি না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ব্যাপারে জানতে আয়েশাবাগ চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
