কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
কওমী মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে (৮) ধর্ষণ ও অন্য আরেক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আবুল খায়ের বেলালীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারবাড়ি গ্রামের মা হাওয়া (আ.) কওমী মহিলা মাদ্রাসা থেকে ঐ শিক্ষককে আটক করা হয়।
শিক্ষক আবুল খায়ের বেলালী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার গোনাকালী গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত্ কেন্দুয়া উপজেলায় সপরিবারে বসবাস করে আসছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন প্রথমে শিক্ষক আবুল খায়ের বেলালীকে আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এর আগেও ঐ শিক্ষক এক ছাত্রীকে ধর্ষণ করেছে জানিয়ে ওসি বলেন, ভিকটিম দুই শিশু ছাত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
