গ্রেফতার দুই
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামে বৃহস্পতিবার পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী। নিহতের নাম হানিফ। এ ঘটনায় পুলিশ আরিফ তপাদার ও মামুন তপাদার নামে দুজনকে গ্রেফতার করেছে।
হানিফের মা খাদিজা বেগম ও বাবা লোকমান জানান, আমার ছেলেকে ওরা ঘর থেকে তুলে নিয়ে বাড়ির সামনের রাস্তার ওপরে বেদম মারধর করে হাত-পা ভেঙে দেয়। তাত্ক্ষণিক তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। সেখানে নেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
অপরদিকে, আসামি পক্ষের আরিফের বাবা আয়ূব আলী বলেন, চার দিন আগে হানিফ তার চাচা ছলেমানকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এর প্রতিবাদে ওই বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে হানিফকে পিটিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই নাছিরউদ্দিন জানান, এ ব্যাপারে শুক্রবার ১৩ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
