মনোহরগঞ্জে গরু চুরির হিড়িক, আরেক সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৬:১৫

কুমিল্লার মনোহরগঞ্জে গরু চোর চক্রের আরেক সদস্য মো. হুমায়ন কবিরকে আটক করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার চড্ডা গ্রাম থেকে তাকে আটক করে মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জিকু শীল। 

এ নিয়ে গরু চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। আটক হওয়া ওই চোরকে সোমবার সকালে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, গত ৭ মার্চ দিবাগত রাতে উপজেলার সরসপুর গ্রামের আব্দুল মতিনের প্রায় লাখ টাকা মূল্যের ১টি ধূসর রংয়ের গাভী ও ১টি লাল রংয়ের বকনা বাচুর চুরি হয়। এ ঘটনায় মালিক আব্দুল মতিন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তদন্ত কর্মকর্তা এসআই জিকু শীল ওই চক্রের দুই সদস্য আব্দুল খালেক (৬৫) ও মুক্তার হোসেন (৫২)  আটক করেন। ওই সময় মনোহরগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চোর চক্রের অন্য সদস্য বাইশগাঁও ইউপির চড্ডা গ্রামের হুমায়ন কবিরের বাড়ি থেকে গরু দুটি উদ্ধার করে। 

উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি হাজি সেলিম জাহাঙ্গীর মজুমদারের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, গত ৬ মাসে এ এলাকায় বেশ কিছু গরু চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন গরু চুরি প্রতিরোধে পুলিশের এমন অভিযান জনমনে স্বস্তি ফিরেছে। চোর চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনাঢ চোর চক্রের সদস্য হুমায়ন কবিরসহ এ পর্যন্ত মোট তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

ইত্তেফাক/পিও