পাটের দাম নিয়ে শঙ্কায় কৃষক!

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০৩

উজ্জ্বল হোসেন, সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়ায় এ বছর পাটের বাম্পার উত্পাদন হওয়ায় ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষকরা। তবে পিঁয়াজ ও ধানের পর এবার পাটের দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক।

উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক আব্দুল জলিল, আব্দুল মালেক ও যশোমন্ত দুলাইয়ের রফিকুল ইসলাম জানান, পিঁয়াজ ও ধানের মতো পাটে যদি যথাযথ বাজার দাম না পাওয়া যায়, তাহলে আবাদ থেকে আমরা বিমুখ হয়ে পড়ব। পাটের ভালো উত্পাদন হওয়ায় আমরা খুশি, তবে ভালো বাজার দামে আশাবাদী।

এদিকে উপজেলার সব বিলে বৃষ্টির পানি জমতে শুরু করেছে। এই পানিতেই অনেকে জমি থেকে পাট কেটে পচানোর প্রস্তুতি গ্রহণ করছেন।

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, চলতি মৌসুমে পাটের উত্পাদন ভালো হয়েছে। যা উত্পাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আগামীতে লক্ষ্যমাত্রা আরো বেশি অর্জনের জন্য কৃষকদের সার্বিক সহায়তা করব।