বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রে নিয়োগের দাবিতে সমাবেশ

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০৪

রাজপথ-রেলপথ অবরোধের হুমকি

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্রের তৃতীয় ইউনিটে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগের দাবিতে শুক্রবার বিক্ষোভ-সমাবেশ করেছে উত্পাদন ও উন্নয়ন কাজের দক্ষ শ্রমিকরা।

বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে সংগঠনের কার্যালয় থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

শেষে সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ফুলবাড়ী শাখা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিক প্রমুখ। 

বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, শ্রমিকদের দাবি পূরণ না হলে আজ শনিবার ভোর থেকে রাজপথ-রেলপথ অবরোধ অবরোধ কর্মসূচি পালনসহ কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।