স্পোর্টস রিপোর্টার
খুলনায় বাংলাদেশ-আফগানিস্তান ‘এ’ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। গতকাল প্রথম দিনে কয়েকদফা বৃষ্টির বাধা ঠেলে খেলা হয়েছে ৩৫ ওভার। টসে হেরে আগে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ দল চার উইকেটে ১১৯ রান তুলেছে। এনামুল হক বিজয় ৫৩ ও আফিফ হোসেন ৭ রানে অপরাজিত আছেন।
ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। আফগান পেসার ইয়ামিন আহমেদ জাইয়ের বোলিং তোপে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন দুই ব্যাটসম্যান। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার ইমরুল কায়েস (০)। ষষ্ঠ বলে এলবির ফাঁদে পড়েন জাকির হাসান (০)। পঞ্চম ওভারে রকিবুল হাসানও (৪) একই বোলারের শিকার হন। ৬ রানে তিন উইকেট হারিয়ে কাঁপতে থাকা স্বাগতিকদের হাল ধরেন নাঈম শেখ ও বিজয়। চতুর্থ উইকেটে ১০২ রানের জুটি গড়েন তারা। ইনিংসের ৩১তম ওভারে কায়েস আহমেদের বলে স্ট্যাম্পড হন নাঈম শেখ। বাঁহাতি এই ওপেনার ৪৯ রান করেন। পরে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে অবিচ্ছিন্ন ছিলেন বিজয় ও আফিফ।
