মার্শের ইনজুরিতে কপাল খুলল হ্যান্ডসকম্বের

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:১১

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ। কনুইয়ে ফাটল ধরায় টুর্নামেন্টের বাকিটা সময় তিনি খেলতে পারবেন না বলে গতকাল শুক্রবার জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার বিকল্প হিসেবে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। বিশ্বকাপ দলে তিনি অল্পের জন্য সুযোগ পাননি। এবার বেশ দেরিতে হলেও তার কপাল খুলল।

৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার ম্যানচেস্টারে অনুশীলনের সময় নেটে পেসার প্যাপ কামিন্সের বলে কনুইয়ে আঘাত পায়। ওল্ড ট্র্যাফোর্ডে সেই ঘটনার পরই তার স্ক্যান করা হয়। তখনই চির ধরা পড়ে। কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘শন মার্শের ডান হাতের কনুইয়ের স্ক্যান করা হয়েছে। কারণ আজ ও অনুশীলনের সময় ব্যথা পেয়েছে।

কোচ জানিয়েছেন ইনজুরিটা বেশ গুরুতর। আর এর জন্য অস্ত্রোপচারও করাতে হবে তাকে। তিনি বলেন, ‘স্ক্যান রিপোর্টে দেখা গেছে যে, শনের কনুইয়ে ফাটল ধরেছে। আর এটা থেকে সেরে উঠতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে। নিঃসন্দেহে এটা মার্শ ও স্কোয়াডের একটা বড় দুঃসংবাদ। পুরো টুর্নামেন্টজুড়ে ওর স্পিরিট, ওর পেশাদারিত্ব ছিল অনন্য।’

শুধু মার্শই নয়, ডান হাতের কনুইয়ে ওই নেট অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। এবার বোলার অবশ্য ছিলেন মিশেল স্টার্ক। তবে, ম্যাক্সওয়েলেরন ইনজুরিটা খুব একটা গুরুতর নয় বলেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোচ ল্যাঙ্গার বলেন, ‘ম্যাক্সওয়েলেরও স্ক্যান করা হয়েছে। সেও ডান হাতের কনুইতে ব্যথা পেয়েছে। তবে, স্ক্যান রিপোর্টে দেখা গেছে ওর অবস্থাটা খুব বেশি গুরুতর নয়। আশা করি, শনিবারই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ও খেলত পারব। তবে, এখন অবধি সিদ্ধান্ত হলো শনের পরিবর্তে বিশ্বকাপের বাকিটা সময়ের জন্য দলে ডাক পেয়েছেন পিটার হ্যান্ডসকম্ব।’

বিশ্বকাপ দলে হ্যান্ডসকম্বের ডাক না পাওয়াটাই ছিল বিস্ময়কর এক ঘটনা। কারণ তিনি ছিলেন দারুণ ফর্মে। চলতি বছর ১৩ ওয়ানডেতে এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে তার ব্যাটিং গড় ৪৩.৫৪, স্ট্রাইক রেট ৯৮.১৫।

গত মাসে ভারত সফরে মোহালিতে ৩৫৯ রান তাড়া করে জয়ের ম্যাচে খেলেছিলেন ১০৫ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস। তার ওপর উইকেটরক্ষক বলেই কি না, দলে তার জায়গাটা পাকাই ছিল। তবে, সব হিসাব-নিকাশ পালটে গিয়েছিল তার বাদ পড়ায়, বিশেষ করে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার—দুজন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার কারণেই ফর্মের তুঙ্গে থাকার পরও বঞ্চিত হন হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়া দলে উইকেটরক্ষক হিসেবে রাখা হয় অ্যালেক্স ক্যারিকে।

হ্যান্ডসকম্ব অবশ্য ইংল্যান্ডেই আছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের সফরে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগেই তিনি দলের সাথে যোগ দেবেন। এরপর অজিদের জন্য অপেক্ষা করবে সেমিফাইনাল। সেখানে তাদের লড়তে হবে ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের সাথে।