আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে হলে গিয়ে সিনেমা দেখলেন রাহুল গান্ধী

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:১৩

 

আনুষ্ঠানিকভাবে ভারতের কংগ্রেস সভাপতি পদ ছাড়ার পর সিনেমা দেখতে গেলেন রাহুল গান্ধী। বুধবার তাঁর পদত্যাগের কারণ ব্যাখ্যা করে টুইট করেন। তারপরই দিল্লির একটি হলে গিয়ে আয়ুষ্মান খুরানার ‘আর্টিক্যাল ১৫’ দেখেন রাহুল। তার এই সিনেমা দেখতে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেটিজেনের প্রশংসাই পেয়েছেন রাহুল। আনন্দবাজার পত্রিকা

পরিচালক অনুভব সিনহার ‘আর্টিক্যাল ১৫’ তে দেখানো হয়েছে, জাতপাত আমাদের সমাজে কী রকম প্রভাব ফেলে। সেটাই ফুটিয়ে তুলেছেন আয়ুষ্মান খুরানাসহ অন্যান্য অভিনেতারা। নয়াদিল্লির পিভিআর চাণক্য হলে দেখা যায় রাহুল গান্ধীকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শো শুরুর আগে পাশে বসা একজনের সঙ্গে কথা বলছেন। পপকর্ন খাচ্ছেন। তবে তার সঙ্গে পরিচিত কেউ গিয়েছিলেন না অপরিচিত কারও সঙ্গে কথা বলছেন, তা জানা যায়নি। সামনের সারিতে বসা এক মহিলা ঘুরে দেখছেন রাহুল গান্ধীকে।  রাহুলের হলে গিয়ে এভাবে সিনেমা দেখার ঘটনা সামনে আসার পর প্রচুর মানুষ প্রশংসা করেছেন। কেউ বলেছেন সত্যিকারের নেতা। মাটির কাছের মানুষ।