ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া নলিনি শ্রীহরণকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মেয়ের বিয়ের আয়োজন করতে গত ২৫ ফেব্রুয়ারি নলিনি মাদ্রাজ হাইকোর্টে ছয়মাসের প্যারল চেয়ে আবেদন করেছিলেন বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
আদালত শুক্রবার তাকে ৩০ দিনের প্যারোল দেয় এবং কারা কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্যে তার প্যারোল প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিয়েছে। যাবজ্জীবন সাজা প্রাপ্তদের ক্ষেত্রে আইনানুযায়ী একবারে সর্বোচ্চ ৩০ দিনের প্যারোল দেওয়া যায়। তবে প্যারোলে মুক্ত থাকা অবস্থায় নলিনি সংবাদমাধ্যমে কোনো সাক্ষাত্কার বা কোনো রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে পারবেন না বলে আদালত থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ২৮ বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন নলিনি। তিনিই কারাগারে সবচেয়ে বেশি দিন থাকা ভারতীয় নারী। নলিনির আবেদনের পর গত ২২ মার্চ তার মা মেয়ের প্যারোল চেয়ে একই ধরনের আবেদন করেছিলেন।
