তুরস্কে এস-৪০০-এর প্রথম চালান আগামী সপ্তাহে

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:১৪

রয়টার্স

রাশিয়ার কাছ থেকে কেনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা এস-৪০০ এর প্রথম চালান রবিবার তুরস্কের উদ্দেশ্যে রওনা দেবে এবং তা আগামী সপ্তাহে সেখানে পৌঁছাতে পারে। তুর্কি সংবাদমাধ্যম হেবারতার্কের এক প্রতিবেদনে শুক্রবার এ কথা বলা হয়েছে।

হেবারতার্কের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক ঘাঁটি থেকে কয়েকটি কার্গো বিমানে করে এস-৪০০ ক্ষেপণাস্ত্র তুরস্কের উদ্দেশ্যে পাঠানো হবে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের কোনো এক সময়ে সেগুলো সেখানে পৌঁছাবে। ক্ষেপণাস্ত্রগুলো কোথায় মোতায়েন করা হবে তা দেখভাল করার জন্য রুশ কর্মকর্তাদের একটি দল সোমবার তুরস্কে পৌঁছাবে। তবে এসব তথ্যের কোনো সূত্র দেয়নি হেবারতার্ক। মস্কো কিংবা আঙ্কারাও এ বিষয়ে মুখ খোলেনি। এস-৪০০ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ এখন তুঙ্গে। রুশ এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার চালান তুরস্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিত্র ন্যাটো দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়ে রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বলছে, তুরস্কের কেনা রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিলে আঙ্কারার কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করা হবে না বলেও সতর্ক করেছিল তারা।

ওয়াশিংটন এরই মধ্যে তুরস্কে লকহিড মার্টিনের বানানো এফ-৩৫ সরবরাহ বন্ধে প্রক্রিয়াও শুরু করেছে। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও গত কয়েক বছর ধরেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান রুশ এস-৪০০ কেনার সিদ্ধান্তে অটল। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার চাহিদা বিশ্বজুড়েই প্রবল। গত বছর ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় নয়াদিল্লিও এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা কেনায় আগ্রহ দেখিয়েছিল।