মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন-প্রত্যাশীদের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তোমরা এসো না, ফিরে যাও। অভিবাসন-প্রত্যাশীদের আটককেন্দ্র নিয়ে সমালোচনার মুখে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলেন। এদিকে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। খবর বিবিসি ও রয়টার্সের
সম্প্রতি অভিবাসন-প্রত্যাশীদের আটককেন্দ্র নিয়ে বিরোধী ডেমোক্র্যাটিক দল, মানবাধিকার সংগঠন, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অসন্তোষ প্রকাশ করে। এ নিয়ে মিডিয়ায়ও সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় বুধবার এক টুইটার বার্তায় বলেন, তাত্ক্ষনিকভাবে তৈরি করা আটককেন্দ্র নিয়ে অভিবাসন-প্রত্যাশীরা যদি অসন্তুষ্ট হন, তাহলে তাঁদের বলে দেওয়া উচিত, তোমরা আর এসো না, ফিরে যাও। এর আগে এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের সীমান্তচৌকির লোকজন হাসপাতালের চিকিত্সক, নার্স কিংবা কর্মী নন, তার পরও তারা অসাধারণ কাজ করছেন। আর বিদেশিরা নিজের দেশের চেয়ে এখানে অনেক ভালো আছেন।
যুক্তরাষ্ট্রই সবচেয়ে শক্তিশালী
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ এখন শক্তিশালী, যা আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রই এখন বিশ্বের শক্তিশালী দেশ।’ তিনি সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, আমরা আমাদের ইতিহাস, জনগণ এবং বীরদের সম্মান করি। যাঁরা আমাদের পতাকাকে রক্ষা করছেন। তাঁরা আমাদের সেনাবাহিনীর পুরুষ ও নারীরা। তিনি বলেন, গত ৬৫ বছরে আমাদের কোনো শত্রু দেশের বিমান বাহিনী আমাদের বিমান বাহিনীর একজন সদস্যকেও হত্যা করতে পারেনি। কারণ আকাশের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে।
