আজ শুক্রবার লর্ডসে দ্বাদশ বিশ্বকাপের ৪৩তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এর আগে ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে ৫৯ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়ে ৪৪ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ।
বিশ্বকাপের মঞ্চে মুস্তাফিজের আগে পরপর দু’ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট নেয়ার বিশ্বরেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার প্রয়াত গ্যারি গিলমোর। ১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরে পরপর দু’ম্যাচে ৫ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন।
১৯৭৫ সালের ১৮ জুন লিডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ ওভারে ১৪ রানে ৬ উইকেট নেন গিলমোর। এরপর ২১ জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ওভারে ৪৮ রানে ৫ উইকেট নেন তিনি। যার মাধ্যমে বিশ্বকাপ মঞ্চে পরপর দু’ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েন গিলমোর। ৪৪ বছর পর গিলমোরের রেকর্ডে ভাগ বসালেন বাংলাদেশের মুস্তাফিজ।
ইত্তেফাক/এএম
