চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী জেলার চাটখিলে ঘাটলাবাগ গ্রামে মোবাইল সুমনের বাড়িতে গতকাল শনিবার রাতে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে আবু তাহেরের ঘর ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। সন্ত্রাসী হামলায় দেলোয়ার হোসেন সুজন, তার পিতা আবু তাহের (৭৫), মা রোকেয়া বেগম (৪৫) এবং শিশু শিপা (২) গুরুতর আহত হয়।
এলাকাবাসী জানায়, শরীফ তার বাহিনী নিয়ে দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। ঘটনার সময় তার নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী সুমনদের বাড়িতে ঢুকে সুজনদের ঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। আহতদের প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর হয়ে উঠলে গতকাল রবিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামছুদ্দিন জানান, তিনি এ খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিবেন। আহত সুজন জানান, তারা চিকিত্সাধীন থাকায় থানায় মামলা করতে বিলম্ব হচ্ছে। শরীফের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অনেক অভিযোগ রয়েছে।
