সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ওসিসহ ৩০ জন আহত

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:২০

খেলাকে কেন্দ্র করে সরাইল থানা ভবনের সামনে দুইপক্ষের সংঘর্ষে ওসিসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। 

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, সরাইল থানার পার্শ্ববর্তী ছোটো দেওয়ানপাড়া গ্রামের সমুজ আলীর ছেলে রহিম মিয়া (১৯) এক দল কিশোর নিয়ে গত বৃহস্পতিবার বিকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছিলো। একই সময়ে একই গ্রামের গেদু মিয়ার ছেলে রাজু মিয়া (১৮) একই মাঠে ক্রিকেট খেলার প্রস্ততি নিচ্ছিলো। এ নিয়ে রহিম মিয়া ও রাজু মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকাল নয়টার দিকে উভয়পক্ষের লোকজন সরাইল থানা ভবনের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া, এএসআই এনামুল হক, এএসআই শাহজালাল ও পুলিশ সদস্য নাজমুল আলমসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়।