সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন সোমবার (১৫ এপ্রিল) নির্বাচিত চারটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি ও গীতিকার মো. আ. কুদদূস।
কবি জয়দুল হোসেন রচিত কবিতার বই 'মায়ের বুকের দুধের নহর' নিয়ে আলোচনা করেন মানিক রতন শর্মা। মো. আ. কুদদূস রচিত গল্পের বই 'অংকুর' নিয়ে আলোচনা করেন কবি শাহ মোহাম্মদ সানাউল হক। অর্ধেন্দু শর্মা রচিত কবিতার বই 'অর্ধেন্দু উবাচ' নিয়ে আলোচনা করেন শাদমান শাহিদ। পরিমল ভৌমিক রচিত রম্যরচনার বই 'থেঙ্ক হিয়ো' নিয়ে আলোচনা করেন কবি জয়দুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমি পরিচালক ফারুক আহমেদ ভূইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহাররঞ্জন সরকার।
এদিন শুরুতেই ছিল সাহিত্য একাডেমি প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হরলাল রায়ের স্মরণে সাংস্কৃতিক বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় গভ. মডেল গার্লস হাই স্কুলকে হারিয়ে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতার পর শুরু হয় কবি কণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি। এতে অংশ নেন কবি শাহ মোহাম্মদ সানাউল হক, কবি আব্দুর রহিম, কবি মোসলেম উদ্দিন সাগর, কবি শাহজাদা জালাল ও কবি আমির হোসেন।
আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনার মাধ্যমে সমাপ্তি ঘটে দ্বিতীয় দিনের উৎসব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাশিদ সাবা নূর তাসমিম।
