প্রথা ভেঙে ঔপনিবেশিক আমলের ব্রিফকেস ছাড়াই লোকসভায় বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গতকাল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করেন তিনি। খবর দ্য টেলিগ্রাফের
গতকাল সকালেই পার্লামেন্টে পৌঁছান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে প্রথা ভাঙেন। হাতে ছিল না সেই চিরাচরিত ব্রিফকেস। ছিল লাল শালুতে মোড়া বাজেট বক্তৃতার নথি। বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন অর্থমন্ত্রী। তিনি গতকাল সকালে যখন তাঁর নর্থ ব্লকের অফিস থেকে বাইরে বের হন তখন তাঁর হাতে ওই লাল শালুর ব্যাগটি দেখা যায়। এতদিন তাঁর পূর্বসূরীরা বাজেটের দিনে ব্রিফকেস ব্যবহার করতেন বাজেট নথি নিয়ে আসার জন্য। এই ব্যাগের উপরে রয়েছে রাষ্ট্রীয় প্রতীক অশোক চক্র। কেন এবার লাল শালুতে মুড়ে বাজেট বক্তৃতার নথি আনা হলো সেই প্রসঙ্গে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মমণ্যম জানিয়েছেন, ওই ব্যাগে মোড়া বাজেটের ‘বই খাতা’ বার্তা দিচ্ছে।
