আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকান্ড আওয়ামী লীগ সরকার সমর্থন করে না। নয়ন বন্ডের হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বক্তব্য দিয়েছেন। এটাকে তিনি এনকাউন্টার বলেছেন। এনকাউন্টার আর ক্রসফায়ার এক কথা নয়। সুতরাং বিচারবহির্ভূত হত্যাকান্ডের কোনও স্বীকৃতি নেই। গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হাইকোর্টের বিচারবহির্ভূত হত্যাকা্লের পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন, স্বাভাবিকভাবে বিচার বহির্ভূত হত্যাকান্ড কি কেউ সমর্থন করে? এটা আমরা করি না। গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গ্যাসের মূল্য যৌক্তিক কারণে সমন্বয় করা হয়েছে। এটা পুনঃবিবেচনার সুযোগ নেই। এ খাতে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হয়। সমন্বয়ের জন্য এর যৌক্তিকতা অনস্বীকার্য। এখন পুনঃবিবেচনা করা হবে কি না, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়। আমার মনে হয় না এখানে পুনঃবিবেচনার কোনো সুযোগ আছে। ১৪ দলের যারা গ্যাসের মূল্য বৃদ্ধির বিরোধিতা করছেন তিনি তাদের বৃদ্ধির পেছনে যুক্তিগুলো অনুধাবন করার জন্য অনুরোধ করেন।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে সেটা সরকার দেখবে। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলার রায় নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির বিরুদ্ধে গেলে তারা এই রায়কে বানোয়াট বলে, সরকারের হস্তক্ষেপও বলে। এটা তাদের গতানুগতিক পর্যবেক্ষণ। এটা নিম্ন আদালতের রায়, ইচ্ছে করলে তারা উচ্চ পর্যায়ে যেতে পারেন। সরকারের ঘাড়ে দোষ চাপানো বিএনপির পুরনো অভ্যাস।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।
