সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক এক

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:২৫

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের একজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রোর একটি দল। আটককৃত প্রতারকের না সোহেল শিকদার। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ভাষানটেকের একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে পিবিআইয়ের বিজ্ঞপ্তিতে এ গ্রেফতারের কথা জানানো হয়েছে। এ ঘটনায় সোহেল শিকদার, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের সহযোগী খলিলুর রহমানের নামে ভাষানটেক থানায় একটি মামলা হয়েছে। তবে এর মধ্যে সেলিনা বেগম ও খলিলুর রহমান পলাতক রয়েছেন।

পিবিআই সূত্র জানায়, সম্প্রতি এই প্রতারক চক্রের শিকার হন শিপন প্রতাব নামে এক ব্যক্তি। তিনি পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) অফিসের বিশেষ পুলিশ সুপারের কাছে অভিযোগ করে জানান, সোহেল শিকদার তার কাছে নিজেকে এম ই এস-এর ঠিকাদার হিসেবে পরিচয় দিয়ে চাকরি পেতে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। এরপর তিনি শিপন প্রতাবের এইচএসসি, এসএসসি এবং অন্যান্য কাগজপত্রের মূলকপি রেখে দেয়। পরবর্তীতে দেখা হলে চাকরি হয়ে গেছে জানিয়ে উক্ত শিপন প্রতাবের কাছে ৩ লাখ টাকা দাবি করে। চাকরি পাওয়ার আশায় শিপন প্রতাব তার মা, বোন এবং ভাবির স্বর্ণ গহনা বিক্রি করে গত ৭ ফেব্রুয়ারি সোহেলকে টাকা প্রদান করে। এরপর সোহেল সেনা সদরের পূর্ত পরিদপ্তরের ই ইন সির শাখা অফিস সহকারী পদে একটি নিয়োগপত্র শিপন প্রতাবকে প্রদান করে। তাতে ২৪ ফেব্রুয়ারি যোগদানের কথা বলা হয়। এরপর ২৪ ফেব্রুয়ারি সকালে সোহেল শিপন প্রতাবকে অপর একটি নিয়োগপত্র দিয়ে আগের নিয়োগপত্রটি বাতিল বলে জানান এবং নতুন করে আরো তিন লাখ টাকা দাবি করেন। এরপর সোহেল তাকে ঢাকার সিএমএইচ হসপিটালে মেডিক্যাল টেস্ট করতে বলে। তারা দুজন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মাটিকাটা চেকপোস্টে পৌঁছে সোহেল শিপনকে দাঁড় করিয়ে রেখে চলে যায়। এরপর আর যোগাযোগ করে না। পরে পুলিশ তদন্ত করে সত্যতা পেলে গত বৃহস্পতিবার ১৬০/সি নম্বর উত্তর ভাষানটেকের বাড়ি থেকে সোহেলকে আটক করে।