রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, সম্ভব হলে আগামী ২৫ জুলাই অথবা ঈদুল আজহার আগেই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস চালু করা হবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর পূর্বপ্রস্তুতি হিসেবে গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সফরকালে রেলস্টেশন প্লাটফরমে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, একটি শীতাতপ নিয়ন্ত্রিত ও দুইটি শোভন বগি পাবে চাঁপাইনবাবগঞ্জবাসী। এই তিনটি বগিতে ২৭৬ যাত্রী প্রতিদিন ঢাকায় যেতে পারবেন। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী স্টেশনে দাঁড়াবে এবং সেখানকার যাত্রী নিয়ে বিরতিহীনভাবে ঢাকায় পৌঁছাবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, দলটির জেলা সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসি ইসলাম জেসি, সদর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ ।
এর আগে শুক্রবার সকালে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন এবং স্থলবন্দর শ্রমিক লীগ আয়োজিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ। এসময় রেলমন্ত্রী বলেন, সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ দ্রুত শুরু হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সমঝোতা হলে সোনামসজিদের বিপরীতে ভারতের মহদীপুর থেকে মালদা পর্যন্ত রেললাইন স্থাপন সম্ভব হবে। আর এতে সোনামসজিদ বন্দর আরো এক ধাপ এগিয়ে যাবে।
