আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির আমলে এদেশে কোনো আইনের শাসন ছিল না। তারা কোর্টকে তাদের পকেটের মধ্যে রাখত। সেই আমল বদলে গেছে, কিন্তু তাদের চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। গতকাল শুক্রবার নবনির্মিত কসবা উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর আদালত এই রায় দিয়েছে। এটাকে ফরমায়েশি রায় কী করে তারা বলে, এটা আমি বুঝি না।’ মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ প্রাশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেন। এছাড়া উপজেলা ফরেস্টারের পক্ষ থেকে বিনা মূল্যে বিভিন্ন জাতের চারা বিতরণ করেন।
কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রশাসন ভবন উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। পরে মন্ত্রী সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
