আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০০:০৩

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে আশুলিয়ার তাজপুর এলাকায় শামসুল হকের মালিকানাধীন তিন তলা বাড়ির নিচ তলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূ নূরবানু আক্তার সাথীর (২৮) স্বামী মোস্তাফিজুর রহমান লিমন পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত সাথী রংপুরের পীরগঞ্জ থানার পার্বতীপুর গ্রামের মেয়ে এবং তার স্বামী লিমন একই থানার তুলারামপুর গ্রামের বাসিন্দা। সাথী তার স্বামীর সঙ্গে আশুলিয়ার তাজপুর এলাকায় ভাড়া থেকে স্থানীয় জেনারেশন নেক্সট কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। তাদের দিবা আক্তার নামে ৭ বছরের একটি মেয়ে রয়েছে।

নিহতের বোনের স্বামী জয়নাল আবেদিন জানান, মোস্তাফিজুর ঢাকার শ্যামলীতে রিকশা গ্যারেজে কাজ করে। মাঝে মাঝে এখানে আসে। গত দুইদিন ধরে সে আশুলিয়ার বাসায় আসে। কিন্তু শুক্রবার দুপুরে হঠাত্ করে কাউকে কিছু না বলে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে তাদের মেয়ে দিবা ঘরে গিয়ে মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। খবর পেয়ে আমরা দ্রুত ছুটে এসে বিছানার উপর সাথীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই। তিনি আরো জানান, লিমন মাদকসেবী ও জুয়া খেলাতেও তার আসক্তি রয়েছে। মাঝে-মধ্যেই টাকার জন্য সে স্ত্রীর কাছে চলে আসতো এবং টাকা না দিলে সাথীকে মারধর করতো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ঐ গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহত সাথীর বোন রুমানা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমান লিমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।