র্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণা গাজীপুরে ভুয়া কর্নেল আটক

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০০:০৩

র্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার সময় ভুয়া এক কর্নেল আটক হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর মহানগরীর সদর থানার জোলারপাড় এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১ এর টিম। আটক মো. সায়েদুজ্জামান (৫৭) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চান্দলাই গ্রামের মৃত জিল্লার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) পদবীর দুইটি পরিচয়পত্র, দুইটি ব্যাংকের সাতটি চেকবই, একটি ৭.৬৫ এমএম পিস্তল সদৃশ লাইটার পিস্তল, চারটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ২১৮ টাকা জব্দ করা হয়েছে।

র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, জিজ্ঞাসাবাদে সায়েদুজ্জামান র্যাবকে জানায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। ২০১১ সালে চাকরি থেকে অবসর নেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে নিজের পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেন। সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবিসহ দেশের বিভিন্ন সরকারি অফিসে চাকরি দেওয়ার নামে তিনি বেকার যুবকদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিতেন। এভাবে তিনি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন। তাকে শুক্রবার সদর থানায় সোপর্দ করা হয়েছে।