ঠাণ্ডা যুদ্ধের অবসান ও পরমাণু হুমকি হ্রাসে স্মরণীয় সিনিয়র বুশ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২৩:০০

ঠাণ্ডা যুদ্ধের অবসান এবং বিশ্বকে পরমাণু হুমকি থেকে রক্ষায় স্মরণীয় হয়ে থাকবেন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ। স্থানীয় সময় শুক্রবার রাতে তিনি ৯৪ বছর বয়সে মারা যান। বিশ্ব নেতৃবৃন্দ তাকে স্মরণ করছেন ঠান্ডা যুদ্ধে তার অবদানের জন্য। আগামী বুধবার রাষ্ট্রীয়ভাবে তার শেষকৃত্যের অনুষ্ঠান হবে। ওইদিন দেশজুড়ে শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের

১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বুশ উপসাগরীয় যুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেনকে পরাজিত করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তত্কালীন প্রেসিডেন্ট সিনিয়র বুশ। কিন্তু কর সংক্রান্ত পদক্ষেপের জেরে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ বলেন, তার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। বুশ তার সঙ্গে একটি অস্ত্র চুক্তি করে পরমাণু হুমকি থেকে বিশ্বকে রক্ষা করেছিলেন বলে জানান মিখাইল। ওই সময় সোভিয়েত ইউনিয়ন আরো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছিল। সেই সময় বুশ এবং মিখাইল একসঙ্গে অনেক নাটকীয় সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে বিশ্বের উপকারই হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প সিনিয়র বুশকে একজন উন্নত মনের মানুষ বলে উল্লেখ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, বুধবার সাবেক প্রেসিডেন্টের রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত থাকবেন। বুধবার দেশজুড়ে শোক পালন করা হবে এবং ৩০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে।

সিনিয়র বুশ ১৯২৪ সালের ১২ জুন ম্যাসাচুসেটসের মিল্টনে রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। ওই সময় তারা বাবা প্রেসকট বুশ ছিলেন একজন সিনেটর। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির আগে বারবারা পিয়ার্সকে বিয়ে করেন বুশ। তাদের ছয় সন্তান। রবিন নামের এক সন্তান শিশু বয়সেই মারা যায়। তার ছেলে জর্জ ডাব্লিউ বুশ ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট। আরেক ছেলে জেব বুশ গভর্ণর এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন যদিও দলের প্রাইমারিতে ট্রাম্পের কাছে হেরে যান।

পূর্ব ইউরোপে কমিউনিজমের অবসানের পর সিনিয়র বুশ বলেছিলেন, নতুন এক সুবাতাস বইতে শুরু করেছে, মুক্তির গন্ধ নিয়ে এক নতুন পৃথিবীর জন্ম হচ্ছে। সাদ্দাম হোসেনের কুয়েত দখলের পর তাকে সেখান থেকে হটাতে তিনিই আন্তর্জাতিক এক সামরিক কোয়ালিশন তৈরি করেন।