শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে মানিক হোসেন নামে এক ব্যক্তি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাঁটিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক হোসেন (২৫) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ভিন্নাভুর গ্রামের হাসান আলীর পুত্র। তিনি সাঁটিয়াবাড়ী গ্রামের ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। স্থানীয় ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের ভুঁইয়া জানান, মানিক দেড় বছর আগে তার দ্বিতীয় স্ত্রী আসমা খাতুনকে নিয়ে এই এলাকায় ভাড়া বাড়িতে থাকতো। গ্রামের বাড়িতে তার আরেক স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার কলহ চলছিল। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে স্ত্রী আসমা রাগ করে পাশের বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির মালিক অন্য ভাড়াটিয়াদের নিয়ে ঘরের দেওয়ালের ওপর দিয়ে মানিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শ্রীপুর থানার এসআই শাহাদুজ্জামান আকন্দ জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যালে পাঠানো হয়েছে।
