গাজীপুরে চিলাই নদী দূষণ

দুই ডাইং কারখানাকে জরিমানা

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০০:০৪

গাজীপুরে চিলাই নদী দূষণের দায়ে দুই ডাইং কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আ. সালাম সরকার জানান, গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রিয়াকাশ ডিজাইন এবং হাতিয়াব এলাকায় বিএফএস থ্রেড ডাইং নামক দুটি কারখানা তরল বর্জ্য ফেলে দীর্ঘদিন ধরে চিলাই নদী দূষিত করে আসছে—এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ঐ দুই কারখানায় অভিযান চালায়। অভিযোগের সত্যতা পাওয়ায় দুটি কারখানার কাছ থেকে দুই লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। প্রিয়াকাশ ডিজাইনকে এক মাসের মধ্যে ইটিপি স্থাপন করে কারখানা পরিচালনা করারও নির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আ. সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও আনসার সদস্যগণ। উপপরিচালক মো. আ. সালাম সরকার আরো জানান, দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।