যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্প হয়েছে যা গত ২০ বছরে সর্বোচ্চ। স্থানীয় সময় বৃহস্পতিবার আঘাত হানা রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। কম্পনের পর কয়েক দফায় আরো ১৫৯টি আফটার শক হয় অঙ্গরাজ্যটিতে।
মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রিজক্রেস্ট শহরের কাছে লস এঞ্জেলেস থেকে ১৫০ মাইল দূরে ৬ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে। প্রথম দফার ভূমিকম্পের ধাক্কায় বেশ কয়েকটি স্থানে আগুন ধরে ও ফাটল ধরে গ্যাসলাইনে। আগামী সপ্তাহে আরো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অর্ধশতভাগ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এতে ১৫ জন আহত হওয়ার খবর জানা গেছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। কয়েকটি রাস্তা ফেটে যেতে দেখা গেছে। ভূমিকম্পের পরই উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধার অভিযানে নেমেছে সংশ্লিষ্ট বাহিনীর কর্মীরা। উল্লেখ্য, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১৯৯৯ সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল যাতে রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ১। এর আগে ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসের কাছে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি বড় ভূমিকম্পে ৫৭ জনের মৃত্যু হয়। -সিএনএন
