ভাটারায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০০:২৮

রাজধানীর ভাটারা এলাকায় এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঐ গৃহবধূর নাম আয়েশা বেগম (৩০)। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত আয়েশার স্বামীর নাম জসিম। নিহতের স্বজনরা দাবি করছেন জসিম তাকে হত্যা করেছে। এ ঘটনার পর থেকে জসিম পলাতক।

জানা গেছে, আয়েশা তার ছেলে জয় (১২) ও মেয়ে ঐশীকে (৮) নিয়ে ভাটারা এলাকার ছোলমাইদ কবরস্থান রোডের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী আরেক স্ত্রীর সঙ্গে পাশের একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল শুক্রবার সকালে ঘরের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়। এরপর ভাটারা থানার এসআই নাজমুল হুদা ঐ বাসা থেকে তার লাশ উদ্ধার করে। এসআই নাজমুল হুদা জানান, নিহতের গলায় সিলভারের তার প্যাঁচানো এবং হাত-পা বাঁধা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ মামুন জানান, আয়েশা বেগমের স্বামী জসিম দুই বছর আগে আর একটা বিয়ে করে। এরপর থেকে আয়েশাকে নানাভাবে নির্যাতন শুরু করে। বিভিন্ন সময় জসিম আয়েশাকে মারধর করত। গত বৃহস্পতিবার রাতে জসিম বাসা থেকে জয় আর ঐশীকে তার বোনের বাসায় নিয়ে যায়। ঐ রাতে আয়েশা একা বাসায় ছিল। পরিবারের ধারণা জসিম জয় আর ঐশিকে বাসা থেকে সরিয়ে দিয়ে আয়েশাকে হত্যা করেছে। ভাটারা থানার এসআই মোবারক গতকাল রাতে জানান, পুলিশ জসিমকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।