জগন্নাথ দেবের রথযাত্রা শেষে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজের ঢালুতে বৃহস্পতিবার রাতে বাসচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের চালকসহ কমপক্ষে আটজন যাত্রী ও পথচারী। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে রথযাত্রায় অংশগ্রহণের পর বৃহস্পতিবার রাতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন একদল রথযাত্রী। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালুতে রাস্তা পারাপারের সময় রাসেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১১-২৩১৯) নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি লরিতে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে রথযাত্রী ও পথচারীদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার দেবী বর্মণ (৫৫), তার মেয়ে গীতা রানী বর্মণ (৩০) ও তাদের নিকটাত্মীয় বর্ষা (১৬) নিহত হয়। আহত হয় দুর্ঘটনা কবলিত বাসের চালক, রথযাত্রী ও পথচারীসহ কমপক্ষে আটজন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, বৃহস্পতিবার রাতে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পারাপার হচ্ছিলেন রথযাত্রী ও পথচারীরা। এসময় সিলেটগামী রাসেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাস চালকের অবস্থা আশঙ্কাজনক। তবে দুর্ঘটনার পর বাসের হেলপার পালিয়ে যায়।
তিনি আরো জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যে লরিতে ধাক্কা দেয় ওই লরিটিকে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লরিটি ছেড়ে দেওয়া হবে।
