জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব জুড়ে এক লাখ কোটি গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণার ভিত্তিতে তারা বলছেন, বিশ্ব জুড়ে এক লাখ কোটি গাছ লাগানোর মধ্য দিয়ে কার্বন নিঃসারণ দুই-তৃতীয়াংশ কমানো সম্ভব হতে পারে। আর গাছ লাগানো কর্মসূচিকে সবচেয়ে ভালো ও কম ব্যয়বহুল উপায়। এক্ষেত্রে তারা চাষাবাদের জমি ও নগর এলাকাগুলোকে বাদ দিয়েছেন। তবে পশুচারণভূমি এর আওতায় রাখা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব জুড়ে ৩৫ লাখ বর্গমাইল এলাকা বৃক্ষহীন অবস্থায় আছে। এসব জমিতে এক লাখ কোটি থেকে দেড় লাখ কোটি গাছ লাগানো সম্ভব।
নতুন গবেষণার নেতৃত্ব দেওয়া সুইস ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টম ক্রাউথার বলেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো ও বন ধ্বংস করা জনিত কারণে গ্রিনহাউজ গ্যাস নির্গত হওয়ার বর্তমান যে ধারা চলছে, তা পাল্টাতে ও শূন্যের কোটায় নামিয়ে আনতে গাছ লাগানো জরুরি। অন্য বিজ্ঞানীরাও একমত হয়েছেন যে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ঠেকাতে হলে বায়ুমণ্ডল থেকে কার্বন সরাতে হবে। এক্ষেত্রে প্রযুক্তিগত সমাধান কাজে লাগবে না বলে সতর্ক করেছেন তারা। খবর:আলজাজিরা।
