আজিমপুরে খাদেম হত্যায় জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০০:৩৩

পুরান ঢাকার আজিমপুরে মেয়র হানিফ মসজিদের ভেতরে খাদেম মোহাম্মদ হানিফ (৪৫) হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। হত্যার পর পলাতক খাদেম সাইফুল সম্পর্কে বিস্তারিত তথ্য পেলেও তাকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ জানায়, হানিফের সঙ্গে অন্য খাদেমদের সম্পর্ক ভালো ছিল না। হানিফ অল্পতেই রেগে যেতেন। সাইফুলকে আটক করা সম্ভব হলে এই হত্যার রহস্য জানা যাবে বলে জানিয়েছেন লালবাগ থানার ওসি।

হানিফের কোনো শত্রু ছিল না দাবি করে তার ভগ্নিপতি হাসান শেখ বলেন, হানিফকে যে বা যারাই হত্যা করুক না কেন, তারা স্বাভাবিক কোনো লোক নয়। কারণ এভাবে মসজিদের ভেতরে কোনো মানুষকে খুন করতে সবাই পারে না। খুনিরা জঙ্গি দলের সদস্য হতে পারে। হানিফের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

লালবাগ থানার ওসি বলেন, এ ঘটনায় মসজিদের চারজন খাদেম ও একজন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই হত্যার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য এখন পর্যন্ত মেলেনি। পলাতক সাইফুলের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাকে আটক করার জন্য অভিযান চলছে।

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেয়র হানিফ জামে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে খাদেম মোহাম্মদ হানিফের (৪৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।