কুমিল্লায় সিএনজিচালক খুন, দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২২:১৪

কুমিল্লায় সিএনজি অটোরিকশা চালক মো. রাসেল হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২১ এপ্রিল) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর গ্রামের সোলেমান হকের ছেলে গিয়াস উদ্দিন (২৪) এবং পাশের নাঙ্গলকোট উপজেলার গান্দাচি গ্রামের আলা মিয়ার ছেলে অলি উল্লাহ (৩০)। রায় ঘোষণার সময় গিয়াস উদ্দিন আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি পলাতক  আছে। 

জানা যায়, ২০১৭ সালের ১৮ জুন চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে সিএনজি অটোরিকশা চালক মো. রাসেলকে অপহরণ করে অজ্ঞাতনামা আসামিরা। পরে তারা পরিবারের নিকট এক লাখ টাকা দাবি করেন। ৫০ হাজার টাকা দিলেও ছেলেকে না পেয়ে অপহরণ মামলা করেন রাসেলের বাবা। পরে চৌদ্দগ্রামের চিওড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন তার বাবা। পুলিশ তদন্ত শেষে চৌদ্দগ্রামের শুভপুর এলাকার একরামুল হক, গিয়াস উদ্দিন, শাহিন, নাঙ্গলকোটের অলি উল্লাহ ও আসমা আক্তার সাথীকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরই মধ্যে একরামুল হকের মৃত্যু হলে তাকে মামলা থেকে খালাস দেওয়া হয়। এ ছাড়াও সাথীর মামলা নারী ও শিশু আদালতে চলমান রয়েছে এবং শাহিনকে অব্যাহতি দেয় আদালত। বাকি দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

ইত্তেফাক/পিও