রিকশা থেকে নেমে বসে পড়েন, পেট ধরে শুয়ে ফুটপাতেই গেলো প্রাণ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৪:১৯

রাজধানীর মতিঝিলে ফুটপাত থেকে একজন রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর, তবে পরিচয় শনাক্ত হয়নি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি রিকশা চালিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে এসে বসে পড়েন। এরপর পেট ধরে সেখানেই শুয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমজনিত কারণে বা হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে।

মতিঝিল থানার এসআই জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। তবে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/এসকে