চট্টগ্রামে মোর্শেদ খান, মীর নাছিরসহ ৩৮ মনোনয়ন বাতিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২৩:০৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ চট্টগ্রামের হেভিওয়েট একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। হেভিওয়েট প্রার্থীদের প্রায় সবার মনোনয়নপত্র মামলায় দণ্ড অথবা ঋণ খেলাপের কারণে বাতিল হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই তাদের স্ব স্ব নির্বাচনী এলাকার অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে না পারায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া হেভিওয়েট প্রার্থীদের সকলেই বিএনপির। তাঁরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও আসলাম চৌধুরী।

চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মামলার কারণে বিএনপি প্রার্থী নুরুল আমিন, শাহিদুল ইসলাম চৌধুরী ছাড়াও দুই স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ও মোশাররফ হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ঋণ খেলাপী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও জাকের পার্টির আবদুল হাইয়ের মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৫৪ হাজার টাকা টেলিফোন বিল বকেয়া থাকায় বিএনপির প্রার্থী সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশার মনোনয়ন বাতিল হয়। এই আসনে জাসদের (ইনু) আবুল কাশেমের মনোনয়নও বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী, স্বতন্ত্র আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া ও শামসুল আলম হাসেমের, চট্টগ্রাম-৫ আসনে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে মীর মো. হেলাল উদ্দিনের মনোনয়নপত্র মামলার কারণে বাতিল হয়েছে। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির সামির কাদের চৌধুরী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, স্বতন্ত্র আবু আহমেদ হাসনাত ও আবদুল আলীমের মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও স্বতন্ত্র প্রার্থী এরশাদ উল্লাহ’র মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম-৯ আসনে স্বতন্ত্র দুলাল খান, বিএনপির শামসুল আলমের এবং চট্টগ্রাম-১০ ডবলমুরিং-হালিশহর আসনে জাতীয় পার্টির ওসমান খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম-১১তে বন্দর-ডবলমুরিং আসনে গণফোরামের জানে আলম, বিএনএফ’র মাওলানা আবু সাঈদ, স্বতন্ত্র প্রার্থী ওমর হাজ্জাজ ও মুসতাসির কাদেরের এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এলডিপির কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য সম্পাদক এম ইয়াকুব আলী ও স্বতন্ত্র প্রার্থী আবু তালেব হেলালীর মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে স্বতন্ত্র প্রার্থী কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ জামাল আহমদ, বিএনএফ প্রার্থী নারায়ণ রক্ষিত ও গণফোরামের উজ্জল ভৌমিকের; চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে স্বতন্ত্র মনিরুল ইসলাম, মো. শাহজাহান ও জসিম উদ্দীনের, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক ও স্বতন্ত্র প্রার্থী আবদুর জব্বার এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের জহিরুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মনিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।