দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হতে যাচ্ছে।
এদিন দেশের আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দেশের সকল জেলার মতো ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ উদযাপন করতে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে ঢাকা জেলা আইনগত সহায়তা কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস নানা কর্মসূচির আয়োজন করেছেন। আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র্যালি, লিগ্যাল এইড মেলা, ধন্যবাদ জ্ঞাপন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
এ বিষয়ে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, ২৮ এপ্রিল সকাল ৮.৩০ ঘটিকায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে সড়কে র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। র্যালি শেষে সকাল ৮.৪৫ ঘটিকায় জেলা জজ স্যার লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্ভোধন করবেন। এরপর সকাল ৯.০০ ঘটিকায় সকলের উদ্দশ্যে ধন্যবাদ জ্ঞাপন করবেন।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটি, ঢাকার বিভিন্ন আদালতের বিচারকরা ও আদালতের কর্মচারীরা, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, আইনজীবীরা, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীরা, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসমূহ এবং কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা অংশগ্রহণ করবেন।
