কুড়িগ্রামের রাজিবপুরে বাড়ির রাস্তায় মাটি ফেলা নিয়ে সংর্ঘষে একজন খুন হয়েছে। নিহত হামিদুল ইসলাম (২৭) উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রাজিবপুর থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মূল আসামিসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
এরা হলো নাছির উদ্দিন (৩৫), মৌসুমি (২৫) ও সানজিদা (২৫ )। রোববার সকালে আসামিদের ফাঁসির দাবিতে রাজিবপুর বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।
জানা গেছে, হামিদুল ও একই গ্রামের মফিজলের ছেলে নাসিরের সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে দীর্ঘদিন থেকে হামিদুলের পরিবারের ও পাশের বাড়ির নাসিরদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাস্তার মাটি ফেলা নিয়ে হামিদুলের সঙ্গে নাসিরের বাগবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে নাসির উত্তেজিত হয়ে একটি বাগি দিয়ে হামিদুলের ঘাড়ে ও পেটে জোরে আঘাত করে। অন্যরাও কিলঘুষি মারতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ অবস্থায় পরিবারের লোকজন হামিদুলকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজিবপুর থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ রোববার (২৮ এপ্রিল) সকালে কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। তিন জনকে আটক করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
