চলতি বছর ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন টুর্নামেন্টের আগে যেন হারের বৃত্ত থেকে বের হতে পরছে না বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয় নিগার সুলতানা জ্যোতির দল। এরপর অধিনায়কের কণ্ঠে শোনা যায় ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা।
তবে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দেখা যায়নি তার ছিটেফোঁটাও। সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ৪৪ রানে। স্বাগতিক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি।
সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বিকাল ৪টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। তবে মাঠে নামার আগের দিন গতকাল দলের কোনো অনুশীলন না থাকায় সিলেটে অন্যরকম একদিন কাটায় বাংলাদেশের নারী দলের অধিনায়ক জ্যোতি, পেসার মারুফা ও ফাহিমা খাতুন।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সিলেটের আম্বরখানা গার্লস স্কুল, ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আনন্দ নিকেতন গার্লস স্কুলে যান তারা।
সেখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট খেলেন নারী জাতীয় দলের এই তিন ক্রিকেটার। এছাড়াও অটোগ্রাফ এবং ছবি তোলেন শিক্ষার্থীদের সঙ্গে। মূলত নারী ক্রিকেটের প্রচারণা ও শিক্ষার্থীদের মাঠে খেলা দেখতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেই বিসিবির পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়।
