পলিটেকনিক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৬:৪৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শানু (২৫) নামে এক পলিটেকনিক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শানু গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
 
জানা গেছে, সোমবার ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহত শানুর চাচাতো ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা রোববার বাড়িতেই দেখেছিলাম। তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কি না তা জানি না। শানুর মৃত্যু পরিকল্পিত হত্যা বলে দাবি তার পরিবারের। 

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশের ময়নাদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে। 

ইত্তেফাক/পিও