ব্রাহ্মণবাড়িয়ায় কলেজে মোবাইল ফোন ও মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ

আপডেট : ০৩ মে ২০২৪, ১৮:৪৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ মে) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, কলেজ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কলেজের শৃঙ্খলার স্বার্থে জানানো যাচ্ছে যে, কলেজ ক্যাম্পাসে মোটরবাইক এবং শ্রেণি কক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। কলেজ ক্যাম্পাসে মোটরবাইক নিয়ে প্রবেশ করা এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। সে জন্য কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে মোটরবাইক নিয়ে প্রবেশ করলে এবং শ্রেণি কক্ষে কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোটিশে শিক্ষার্থীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে কলেজে আসতে বলা হয়।

জানা গেছে, সরকারি কলেজে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার অধিক মাত্রায় বেড়ে যায়। এতে তারা শ্রেণি কক্ষে অমনোযোগী থাকে। কখনো কখনো অতিমাত্রায় ফোনে আসক্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা।

এ বিষয়ে একাধিকবার মৌখিক নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। এমনকি অভিযান চালিয়ে মোবাইল ফোনও জব্দ করে। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। এছাড়া কলেজে অনেকে মোটর সাইকেল নিয়ে প্রবেশ করে এর পরিবেশ নষ্ট করে বিধায় এতেও মৌখিক নিষেধাজ্ঞা ছিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাস একেবারেই ছোট হওয়ায় মোটরসাইকেলের চলাচল শ্রেণিকক্ষে পাঠদানে ব্যাঘাত ঘটে।

ইত্তেফাক/এবি