যেকোনো ওয়েবসাইট ডার্ক মুড করবেন যেভাবে...

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২০:৪১

শরিফুল ইসলাম

 

ডার্ক থিম সত্যিই অসাধারণ। একে তো রাতে ওয়েব পেজ ব্রাউজ করতে অনেক সুবিধা হয় এবং দ্বিতীয়ত, ডার্ক থিম অনেক কুল লাগে। তবে এটা ভালো খবর যে অনেক জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপাররা ডিফল্টভাবেই তাদের ওয়েবসাইট বা অ্যাপে ডার্ক মুড সুবিধা প্রদান করছেন। ইউটিউব বা টুইটারের ডার্ক থিম ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়েছে।

এখন যদি সব ওয়েবসাইটই ডার্ক মুডে চালানো যায়, তাহলে কেমন হয়? সৌভাগ্যবশত সেটা সম্ভব। যদিও বেশির ভাগ ওয়েবসাইটে ডার্ক থিম সাপোর্ট থাকে না, কিন্তু ব্রাউজার লেভেল থেকে যেকোনো ওয়েবসাইটে ডার্ক মুড ব্যবহার করা যায়।

যেকোনো ওয়েবসাইটে ডার্ক থিম

যেকোনো ওয়েবসাইটকে ডার্ক মুড ব্যবহার করার জন্য একটি ব্রাউজার এক্সটেনশন বা অ্যাডঅন ব্যবহার করতে হবে, যার নাম হলো ডার্ক রিডার। আপনি https://darkreader.org ঠিকানায় প্রবেশ করলেই ডার্ক রিডারের ওয়েবসাইটে চলে যাবেন। আর এদের ওয়েবসাইটে একবার প্রবেশ করা মানেই দুনিয়ার প্রায় সব ওয়েবসাইট ডার্ক মুড ব্যবহার করা এখন শুধু সময়ের ব্যাপার।

বর্তমানে ডার্ক রিডার এক্সটেনশনটি কেবল তিনটি ব্রাউজারের উপযোগী পাওয়া যায়। এগুলো হলো গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স ও সাফারি।  আপনি যেকোনো ব্রাউজারের লিংকে ক্লিক করামাত্রই সেই ব্রাউজারের এক্সটেনশন ডাউনলোড করার পেজে চলে যাবেন। যেমন আপনি যদি ক্রোম আইকনের ওপর ক্লিক করেন, সে ক্ষেত্রে সরাসরি ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন।

ক্রোম ওয়েব স্টোর থেকে সাধারণভাবে এক্সটেনশনটি অ্যাড করে নিলেই কাজ শেষ। ঠিক একইভাবে মোজিলা ফায়ারফক্সেও এটি ইনস্টল করে নিতে পারবেন। ম্যাক ব্যবহারকারীদের জন্য একটু খারাপ খবর হচ্ছে, যদিও এটি ক্রোম বা ফায়ারফক্সের জন্য ফ্রি, কিন্তু সাফারির জন্য এটি ফ্রি নয়।  সুতরাং আপনি ম্যাক ওএস থেকে এটি এক্সটেনশন সাফারিতে ব্যবহার করতে চাইলে পাঁচ ডলার করে লেগে যেতে পারে।

তবে মাথায় রাখা ভালো, এটা সব ওয়েবসাইটের সঙ্গে একেবারে পারফেক্ট কাজ করবে না, যতটা ডিফল্ট ডার্ক থিম করে।

ডার্ক রিডার

এক্সটেনশনটি ইনস্টল করার পর থেকেই এটি কাজ করতে শুরু করে দেবে। আর আমার কাছে যে ব্যাপারটি সবচেয়ে কুল লেগেছে; আপনি ম্যানুয়ালভাবে ব্রাইটনেস, কনট্রাস্ট ইত্যাদি কনফিগ করতে পারবেন। এর মানে আপনি কারেন্ট ডার্ক থিমের সঙ্গে খুশি না হলে সব সময়ই সেটিং অ্যাডজাস্ট করে নিতে পারবেন।

আর একটি বিষয় হচ্ছে, আপনি এক্সেপশন অ্যাড করতে পারবেন। এর মানে আপনি সেট করে রাখতে পারবেন কোনো ওয়েবসাইট ডার্ক থিম শো করবে এবং কোন ওয়েবসাইট লাইট থিম শো করবে।

এক্সটেনশনটি কিন্তু যথেষ্ট চালাকও বটে। যে ওয়েবসাইটগুলোতে বিল্ডইন ডার্ক মুড ফিচার থাকে, এক্সটেনশনটি ওই ডিফল্ট ফিচারকেই পূর্বে প্রাধান্য প্রদান করে। ধরুন, আপনি ইউটিউবে নরমাল থিম ব্যবহার করছেন। তার ওপরে এক্সটেনশনটির ডার্ক থিম লাগিয়ে রেখেছেন, এখন আপনি যদি ইউটিউবের ডিফল্ট ডার্ক থিম টগল করে দেন, সে ক্ষেত্রে এক্সটেনশনটির ডার্ক মুড ডিফল্ট ডার্ক মুডের সঙ্গে ওভার রাইড হয়ে যাবে।

অনেকেই ভাবছেন, এই সুবিধাটি মোবাইল ডিভাইসে পাওয়া যাবে কি না? সে ক্ষেত্রে সুখবর এবং দুঃখের বিষয় হলো, দুটোই রয়েছে। প্রথমত, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগল ক্রোমে এক্সটেনশন ব্যবহার করা যায় না। ফলে ডার্ক রিডার এক্সটেনশনটি গুগল ক্রোমে আপনার ফোনে কাজ করবে না। কিন্তু আপনি ফোনে মোজিলা ফায়ারফক্সের সঙ্গে এই অ্যাডঅনটি ব্যবহার করতে পারবেন।

যখনই নতুন কোনো এক্সটেনশনের কথা আসে, অবশ্যই প্রাইভেসি নিয়ে আলোচনা করে নেওয়াটাও ভালো। এই এক্সটেনশনটির ডেভেলপারদের অনুসারে এরা কোনো প্রাইভেট ডাটা কালেক্ট করে না। তারপরও এটা রেকোমেন্ডেড যে আপনি নিজে https://darkreader.org/privacy করে তাদের প্রাইভেসি পলিসিগুলো ভালোভাবে পড়ে নিন।