‘এই ঈদে ‘বেপরোয়া’ মুক্তির সম্ভাবনা শতভাগ’

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২০:৪২

চিত্রনায়ক জিয়াউল রোশান। অনেকদিন ধরে মুক্তির অপেক্ষা গুনছে তাঁর ‘বেপরোয়া’ সিনেমাটি। এর আগে কয়েকবার মুক্তির আলোচনা উঠলেও শেষ অবধি হল পর্যন্ত গড়ায়নি সিনেমাটি। তবে এই কোরবানি ঈদে ‘বেপরোয়া’ মুক্তি নিশ্চিত হয়েছে। হল সংখ্যা প্রায় চূড়ান্ত। এই সার্বিক বিষয়সহ অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

এবার ঈদে আপনার ‘বেপরোয়া’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। যদিও এর আগে কয়েকবার মুক্তির সম্ভাবনা থাকলেও মুক্তি পায়নি। সেই জায়গা থেকে এবার মুক্তির সম্ভাবনা কতটুকু?

এর আগে কয়েকবার মুক্তি নিয়ে আলোচনা তৈরি হলেও চূড়ান্ত কিছু বলা হয়নি। তবে এবার মুক্তির বিষয়টি চূড়ান্ত। এই ঈদে ‘বেপরোয়া’ মুক্তির সম্ভাবনা শতভাগ। এরইমধ্যে হল চূড়ান্ত করা হয়েছে। তবে হল সংখ্যাটা আমি বলতে পারবো না। জাজ মাল্টিমিডিয়া বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারবে।

 

সিনেমাটির মুক্তি এতটা পেছানোর কারণ কী?

এই সিনেমাটি অনেক বড় বাজেটের। প্রায় সাড়ে ৪ কোটি টাকা বাজেট এই সিনেমার। আমাদের দেশে এই বাজেটের সিনেমার সংখ্যা খুব বেশি নয়। সেই জায়গা থেকে ভালো একটি সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছিল। অবশেষে এবার কোরবানির ঈদে সেই সময়টা নির্ধারণ করা হয়েছে।

 

দেশের সিনেমা ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা সেখানে কম বাজেটের সিনেমাগুলোই অনেক সময় লগ্নি তুলে আনতে পারছে না। সেই হিসেবে এত বড় বাজেটের সিনেমার লাভের মুখ দেখার সম্ভাবনা কতটুকু মনে করেন?

এত বড় বাজেটের সিনেমা মুক্তি দিয়ে আমাদের সিনেমার বাজার থেকে লগ্নি ওঠানো কঠিন। তবে ‘বেপরোয়া’ বাংলাদেশের বাইরেও মুক্তি পাবে। প্রথমত, কলকাতাতে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এরপর অন্যান্য দেশেও ধীরে ধীরে মুক্তি পাবে। সেই জায়গা থেকে আমি মনে করি এটি ভালো ব্যবসা করবে।

 

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এবার জানতে চাই—

দুটি সিনেমা নিয়ে ব্যস্ত আছি। এরমধ্যে একটি ‘হূদিতা’। এটির শুটিং শুরু করবো। অন্য সিনেমাটি নিয়ে আরো কয়েকদিন পর সবাইকে জানাতে চাই।