বিনোদন রিপোর্ট
স্বামী-স্ত্রী হিসেবে অভিনয় করলেন তারিক আনাম খান ও সুমাইয়া শিমু। এবারই প্রথম জুটি হিসেবে তাঁদের দেখা যাবে। নাটকের নাম ওয়াটার। রুম্মান রশীদ খানের লেখা এ নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকের গল্পে দেখা যাবে, তারিক আনাম খানের চরিত্রটি অ্যাকুয়াফোবিয়ায় আক্রান্ত। পানিতে রাজ্যের ভয় তাঁর। কিন্তু কেন পানির সঙ্গে তাঁর বিরোধ, কেন স্বাভাবিক গোসলেও তাঁর অ্যালার্জি—বুঝতে পারে না তাঁর স্ত্রী সুমাইয়া শিমু। দিনের পর দিন স্বামীর অস্বাভাবিক আচরণের সঙ্গে মানিয়ে চলার সংগ্রাম করে হাঁপিয়ে ওঠে শিমু। জীবনের সবটুকু দিয়ে বুঝতে পারে পানির অপর নাম যেমন জীবন, ঠিক তেমনি পানির অপর নাম মরণও। ওয়াটার প্রসঙ্গে অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘মনস্তাত্ত্বিক কিছু ঘটনা দিয়ে অন্য ধরনের একটি গল্পের নাটকে কাজ করলাম। দর্শক অসংখ্য নাটকের ভিড়ে ভিন্নস্বাদের কিছু দেখতে পাবে বলেই আমার বিশ্বাস।’ তারিক আনাম খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘এর আগে বেশকিছু নাটকে একসঙ্গে কাজ করলেও জুটি হয়ে কখনো কাজ করা হয়নি। এ রকম শক্তিশালী অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করাটা বরাবরই সম্মানের, সেইসঙ্গে শিক্ষণীয়। ওয়াটার নাটকের স্ক্রিপ্ট, পরিচালনা থেকে শুরু করে পুরো টিমের মাঝে ইতিবাচক একটি মনোভাব ছিল। তাই কাজটি করে আমরা সবাই তৃপ্ত। দর্শকরা বিনোদনের পাশাপাশি এ নাটক থেকে একটি বার্তাও পাবেন।’ নির্মাতা সূত্রে জানা গেছে, এ নাটকে আরো অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, শিশুশিল্পী মোহাম্মদসহ অনেকে। ওয়াটার নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
