৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব 

আপডেট : ০৬ মে ২০২৪, ১৪:৪২

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। সোমবার (৬ মে) ডিপিএলে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে এই মাইলফক স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা। সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। লিস্ট 'এ' ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। ৩০৮ ম্যাচে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন সাকিব।

ফতুল্লায় প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে ফিরিয়ে ৪০০ উইকেট পূর্ণ করেন শেখ জামালের ধানমন্ডি ক্লাবের সাকিব। সাবেক এই টাইগার অধিনায়কের ৪০০ উইকেটের মাইলফলকের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক। ১০ ওভার বল করে ৪২ রান খরচায় দুই উইকেট নিয়েছেন সাকিব। 

ইত্তেফাক/জেডএইচ