সড়কে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমাণ বাস কাউন্টারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগ।
সোমবার (৬ মে) শনির আখড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ এবং ভ্রাম্যমান বাস কাউন্টার উচ্ছেদ করা হয়।
ডিসি (ট্রাফিক-ওয়ারী) বিভাগ মোহাম্মদ আশরাফ ইমামের সার্বিক দিকনির্দেশনায় এবং এডিসি (ট্রাফিক -ওয়ারী) সুলতানা ইশরাত জাহানের তত্ত্বাবধানে এসি ট্রাফিক (ডেমরা জোন) মো. মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ঢাকা মহানগরীর অন্যতম একটি ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ সড়ক। এই ব্যস্ত সড়কে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেটের অনেক পরিবহন যাতায়াত করে থাকে। সড়কে শৃঙ্খলা আনয়নের ক্ষেত্রে ট্রাফিক ওয়ারী বিভাগ বদ্ধপরিকর।
ডিসি (ট্রাফিক-ওয়ারী) বিভাগ মোহাম্মদ আশরাফ ইমাম গণমাধ্যমকে জানান, জনস্বার্থে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এবং সড়কে ট্রাফিক শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে।
